Wednesday, March 3, 2021

শবে মেরাজ পালন করা বিদআত


৪৩৩ নং ফতোয়া
#শবে_মিরাজ_পালন_করার_বিধানঃ
----------------------------------------
#প্রশ্ন??
জনাব মুফতী সাহেব!
শবে মিরাজের কোন আমল আছে কিনা এবং আমাদের দেশে প্রতি বছর যেভাবে শবে মিরাজ পালন করা হয়, তার বিধান কি?? জানালে কৃতজ্ঞ হবো৷

#উত্তরঃ
بسم الله الرحمن الرحيم
আমাদের অনেকেরই ভুল ধারণা আছে যে, শবে বরাত ও শবে ক্বদর যেমন প্রতি বছর আসে, তেমনি শবে মিরাজও প্রতি বছর আসে৷ বস্তুত এ ধারণা সঠিক নয়! কেননা শবে বরাতের সম্পর্ক হলো ১৪ই শা‘বান দিবাগত রাতের সাথে--যা প্রতি বছর আগমন করে৷ কিন্তু শবে মিরাজের সম্পর্ক হচ্ছে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -এর মিরাজ সংঘটিত হওয়ার সাথে৷ সেই রাত পৃথিবীতে মাত্র একটিই, আর তা হচ্ছে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বীয় জীবদ্দশায় মিরাজে গমন করার মহান রাত্রি৷ কিন্তু এরপর প্রতি বছর যেহেতু সেই মিরাজ সংঘটিত হয় না, তাই প্রতি বছরের ২৭শে রজব রাত্রি মিরাজের রাত্রি নয়৷ আবার মিরাজের ঘটনা সংঘটিত হওয়ার তারিখ ২৭শে রজব হওয়াও নিশ্চিত নয়৷ কেননা এ বিষয়ে মুহাক্কিকগণের মাঝে মতভেদ রয়েছে। তবে প্রসিদ্ধ মত অনুযায়ী ২৭শে রজব মিরাজ সংঘটিত হওয়া গণ্য করলেও তা প্রতি বছরের
২৭শে রজব নয়, বরং শুধু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- এর জীবনে উক্ত ঘটনা সংঘটিত হওয়ার বছরের সেই রাতই কেবল লাইলাতুল মিরাজ বা শবে মিরাজ৷ তবে হ্যাঁ, তারিখ মিল হওয়ায় প্রতি বছরের ২৭শে রজবের রাতকে সে রকম তারিখ বিশিষ্ট একটি রাত্রি বলা যায়! কিন্তু শুধু এতটুকু মিল হওয়ার কারনে একে শবে মিরাজের মর্যাদায় অধিষ্ঠিত করা যায় না৷ তবে তারিখের সাথে মিল হওয়ায় প্রতি বছরের এ সময়ে সেই মহান মিরাজের রাত্রির কথা স্মরণ হতে পারে, আর তা স্মরণ করে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -এর সেই মহান মিরাজের কথা এবং তাঁর জীবন সম্পর্কে আলোচনা করা যেতে পারে! তাও সেই রাতের সাথে খাস করে নয়, বরং এর কাছাকাছি কোন সময়ে বা জুমুআর সময়ে অথবা এ মাসের যে কোন সময়ে তা আলোচনা করা যেতে পারে! এ ব্যাপারে কিছু করতে চাইলে এতটুকুই, এর বেশী কিছু করার অধিকার নেই৷ কেননা শরীয়ত মিরাজ উপলক্ষ্যে কোন আমল নির্ধারন করেনি৷ আর শরীয়ত আমল রুপে যা নির্ধারন করেনি, তাকে আমল বানানো বা তা করাই বিদআত৷ আর প্রচলিত শবে মিরাজের আমল সমূহের প্রচলন ঘটেছে চারশত হিজরীর পরে৷ যা শরীয়তের কোন দলীল দ্বারাই প্রমানিত নয়৷ অতএব শবে মিরাজ উপলক্ষে নামায, রোযাসহ যে কোন ইবাদতই বিদআত ও পরিত্যাজ্য৷
والله اعلم بالصواب.

#প্রমান্যগ্রন্থাবলীঃ
আল ফাউয়ায়েদুল মাযমুয়া ১/৭৩-৭৫ পৃষ্ঠা৷
আল লায়ালিল মাসনুয়া ২/৫৫-৫৯ পৃষ্ঠা৷
আসারুল মারফুয়া ৫৮-৭০ পৃষ্ঠা৷
তানযিহুস শরীয়া ২/৮৯ পৃষ্ঠা৷
লাতায়েফুল মাআরিফ ১৩১ পৃষ্ঠা৷
আল মাওযুয়াত ২/৪৬-৪৯ পৃষ্ঠা৷
প্রচলিত জাল হাদীস ১/১৩৯-১৪১ পৃষ্ঠা৷
বেহেশতী জেওর ৬/১০৫ পৃষ্ঠা৷
খুতবাতুল আহকাম ১৫১- ১৫২ পৃষ্ঠা৷

#উত্তর_লিখনেঃ
মুফতী তাহমীদ শামী
আত তাহমীদ ইসলামীক রিসার্চ সেন্টার বাংলাদেশ৷
১৮ই রজব ১৪৪২ হিজরী৷
০৩/০৩/২০২১ ঈসায়ী৷

No comments:

Post a Comment

মহিলাদের মসজিদে গমন : একটি পর্যালোচনা

জমহুর আলিমগণ একমত যে, মহিলাদের মসজিদে সালাত আদায় করা অপেক্ষা ঘরে সালাত আদায় করা উত্তম। এ ব্যপারে বেশ কয়েকটি হাদিস বর্ণিত হয়েছে সহিহ সনদে । এ...