আত্মার পবিত্রতা সম্পর্কে সাহাবা এবং মুসলিম মনীষিদের বক্তব্য
(১) হযরত খালিদ রাবঈ রহি’মাহুল্লাহ বলেন যে, হযরত লোকমান ছিলেন একজন হাবশী ক্রীতদাস ও ছুতার (অর্থাৎ, তিনি কাঠের কাজ করতেন)। একদা তার মনিব তাঁকে বলেঃ “তুমি একটি ছাগল যবাই কর এবং তার গোশতের উৎকৃষ্ট দুইটি টুকরা আমার কাছে নিয়ে এসো।” তিনি হৃৎপিণ্ড ও জিহ্বা নিয়ে আসলেন। কিছুদিন পর পুনরায় তাঁর মনিব তাঁকে এই আদেশই করলো এবং বকরীর গোশতের নিকৃষ্ট দুইটি খণ্ড আনতে বললো। তিনি এবারও উক্ত দুটি জিনিস (হৃৎপিণ্ড ও জিহ্বা) নিয়ে আসলেন। তার মনিব তখন বললো, “ব্যাপার কি? এটা কি ধরণের কাজ হলো?” উত্তরে তিনি বললেনঃ “এই দুইটি যখন ভাল থাকে তখন দেহের কোন অঙ্গই এ দুইটির চাইতে ভাল নয়। আবার এ দুটি জিনিস যখন খারাপ হয়ে যায় তখন সবচেয়ে নিকৃষ্ট জিনিস এ দুটোই হয়ে থাকে।” তাফসীর ইবনে কাসীর, সুরা লুক্বমানের তাফসীর।
(২) আবু হুরাইরা রাদিয়াল্লাহু আ’নহু বলেন, “ক্বালব (অন্তর) হচ্ছে বাদশাহ আর শরীরের অংগ-প্রত্যংগসমূহ হচ্ছে সৈনিকের মতো। যদি বাদশাহ ভালো হয়, তাহলে সৈনিকেরা নেক হয়। আর যদি বাদশাহ খারাপ হয়, তাহলে সৈনিকেরা নেক হয় খারাপ হয়।” শুয়া’বুল ঈমান, ইমাম আল-বায়হাক্বী রহি’মাহুল্লাহ।
(৩) আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আ’নহুমা বলেন, “মানুষের মাঝে এমন একটা সময় আসবে যখন সে তার উদর পূর্তি করা ছাড়া আর কোন কিছুর কথা চিন্তা করবেনা আর তাঁদের দ্বীন হবে তাঁদের প্রবৃত্তির অনুসরণ করা।” আয-যুহদ, ইমাম ইবনে আল-মুবারকঃ ৬১৩।
(৪) আলী রদিয়াল্লাহু আ’নহু বলেছেন, “যে ব্যক্তি জাহান্নামকে ভয় করলো, সে প্রবৃত্তি থেকে দূরে সরলো।” আল-ইসতিদাদ লি-ইয়াওমিল মাআ’দ।
(৫) আবু হাযেম রহি’মাহুল্লাহ বলেন, “তুমি তোমার শত্রুর সাথে যেইভাবে যুদ্ধ করো, তার চাইতে তোমার প্রবৃত্তির বিরুদ্ধে বেশি যুদ্ধ করো।” হিলইয়াতুল আওলিয়াঃ ২৩১/৩।
(৬) বলা হয়ে থাকে, “হাওয়া (কু-প্রবৃত্তির অনুসরণ) বাদশাহকে পথের ভিখারী বানায়, আর সবর (ধৈর্য ধারণ করা) ভিখারীকে দেশের রাজা বানায়। তুমি কি জানোনা, ইউসুফ আ’লাইহিস সালাম ও জুলাইখা (তৎকালীন মিশরের বাদশাহর স্ত্রীর) ঘটনা?” আল-ইসতিদাদ লি-ইয়াওমিল মাআ’দ।
(৭) আবু আলী আদ-দাকাক বলেছেন, “যৌবনে যে তার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারল, আল্লাহ তাআ’লা তাকে বৃদ্ধ অবস্থায় সম্মান দান করবেন।” রওদাতুল মুহিব্বিনঃ ৪৮৫-৪৮৬।
(৮) আল-হাফিয আবুল ফারাজ ইবনে আল-হাফিয (মৃত্যু ৫৯৭ হিজরী) রহি’মাহুল্লাহ বলেছেন, “আমাদের প্রতিটা নিঃশ্বাস নেওয়ার মাধ্যমে আমরা মৃত্যুর দিকে অগ্রসর হই। আমরা এই দুনিয়াতে যে সময় কাটাচ্ছি তা খুবই সংক্ষিপ্ত, আমরা কবরে যে সময় কাটাবো তা খুবই দীর্ঘ। আর আমাদের কুপ্রবৃত্তির কারণে কৃত পাপের শাস্তি খুবই ভয়ংকর! (সুতরাং, দুনিয়ার জীবনের ব্যাপারে সাবধান হও!)।”
(৯) ইমাম ইবনে রজব রহি’মাহুল্লাহ বলেন, “সালাফ এবং খালাফদের মধ্যে কোন কোন আলেম বলেছেন, “সেই ব্যক্তি আল্লাহকে ভয় করেনা, যে কেঁদে কেঁদে চোখের পানিতে বুক ভাসায়। বরং প্রকৃতপক্ষে সেই ব্যাক্তি আল্লাহকে ভয় করে, যে তার প্রবৃত্তির অনুযায়ী চলা ত্যাগ করে, যেই ব্যক্তি হারাম থেকে বেঁচে থাকে যদিও সে তা সম্পাদন করতে সক্ষম। সবচাইতে বেশি সওয়াব রয়েছে তার জন্য, যে গোপনে আল্লাহকে মেনে চলে।” মাজমু রাসায়েলঃ ১/১৬৩, ইমাম ইবনে রজব রহি’মাহুল্লাহ।
(১০) আবুল আতাহিয়া রহি’মাহুল্লাহ বলেন, “সবচাইতে বড় যুদ্ধ হচ্ছে নফসের বিরুদ্ধে যুদ্ধ করা। আর তাক্বওয়া ছাড়া একজন মানুষকে আর কিছুই সম্মান দিতে পারে না।”
(১১) ইমাম ইবনে ক্বাইয়্যিম রহি’মাহুল্লাহ বলেন, “অন্তরের পবিত্র অর্জনের জন্য সবচাইতে বড় ঔষধ হচ্ছে ‘হাওয়া’ বা কুপ্রবৃত্তির বিরোধীতা করা। মানুষের জন্য সবচাইতে কঠিন কাজ হচ্ছে কুপ্রবৃত্তির বিরোধীতা করা অথচ আত্মার জন্য এর চাইতে উপকারী অন্য কিছু নেই।” ইগাসা আল-লাহফানঃ ১/৬৯।
#শেয়ার_করুন
©সিরাতল মুস্তাকিম

No comments:
Post a Comment