Sunday, February 7, 2021

ওযু সংক্রান্ত কিছু জরুরি কথা


ওযু সংক্রান্ত কিছু জরুরি কথা, যা প্রত্যেক মুসলিমের জেনে রাখা আবশ্যক।
.
(১) অযুর শুরুতে শুধু ‘বিসমিল্লাহ’ বলুন। অথবা ‘বিসমিল্লাহির রহমানির রহিম’। ওযুর শুরুতে আল্লাহর নাম স্মরণের কথা হাদিসে এসেছে। [সহিহুল জামি: ২/১২৫৬]
তবে, এটি ওযু বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত (জরুরি) নয়। এর বাইরে ‘নাউয়াইতু আন....’ বা এ জাতীয় কোন কিছু হাদিসে বর্ণিত হয়নি।
.
(২) ওযুতে বিভিন্ন অঙ্গ ধোয়ার সময় বিভিন্ন দু‘আর কথা ‘আহকামে যিন্দেগী’সহ বিভিন্ন গ্রন্থে এসেছে। এগুলো কোনোটাই হাদিসে বর্ণিত হয়নি। আহকামে যিন্দেগির সম্মানিত লেখক সেটি তাঁর কিতাবে বলেও দিয়েছেন। সুতরাং বিভ্রান্তির সুযোগ নেই। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে এসময় পড়ার কোনো প্রকার দু‘আর কথা হাদিসে আসেনি। তবে, কেউ সালাম দিলে তার জবাব দেওয়া যাবে, হাঁচি দিলে ‘আলহামদুলিল্লাহ’ বলা যাবে ও জবাবে ‘ইয়ারহামুকাল্লাহ’ বলা যাবে। 
.
(৩) ওযু শেষে কালিমা শাহাদাহ পাঠ করবেন। এটিও ওয়াজিব নয়, তবে পড়লে বিশাল পুরস্কার আছে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্দরভাবে ওযু করে এটি পড়লে জান্নাতের আটটি দরজাই তার জন্য খুলে দেওয়া হবে। সে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। [মুসলিম, আস-সহিহ: ১/২০৯]
.
(৪) ওযুর পর দুই রাকাত সলাত পড়া উত্তম। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুসলিম ওযুর পর মন ও মুখ সালাতের দিকে ফিরিয়ে দুই রাকাত সলাত আদায় করলে, তার জন্য জান্নাত পাওনা হয়ে যায়। [মুসলিম, আস-সহিহ: ২৩৪০]
.
(৫) গোসলের আগে-পরে পড়ার জন্য সুন্নাহসম্মত কোনো যিকর নেই। তাই অযুর আগে-পরে পালনীয় যিকরগুলো গোসলের আগে-পরেও পালনীয়। [ইমাম নববি, আল আযকার, পৃষ্ঠা: ৫৭-৫৮]
.
[অধিকাংশ আলোচনা নেওয়া হয়েছে শায়খ আবদুল্লাহ্ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ্) প্রণীত ‘রাহে বেলায়াত’ থেকে]
.
*******************************
ওযুকেন্দ্রিক কয়েকটি গুরুত্বপূর্ণ মাসয়ালা:
.
(১) ওযুতে অঙ্গগুলো ভালোভাবে ধৌত করতে হবে, বিশেষত পায়ের আঙুলের ফাঁকসমূহ ও গোড়ালিদ্বয়। বিশেষত শীতকালে বিশেষভাবে খেয়াল রাখা জরুরি। 
.
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এক লোক ওযুর সময় পায়ের গোড়ালিদ্বয় ধৌত করেনি। তখন তিনি বলেন, গোড়ালিগুলোর জন্য জাহান্নামের ধ্বংসাত্মক পরিণতি অপেক্ষা করছে।’ [বুখারি ও মুসলিম]
.
(২) ওযুর অঙ্গগুলো একবার বা দুইবার করে ধোয়ার কথাও সহিহ বুখারির হাদিসে এসেছে। সুতরাং এটিও জায়েয। 
.
(৩) দাড়ি খেলাল করতে হবে ওযুতে।
.
উসমান (রা.) বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অযুতে দাড়ি খেলাল করতেন (যেন ভেতরে পানি প্রবেশ করে)। [সহিহ সনদে তিরমিযি ও ইবনু খুযাইমা]
দাড়ি পাতলা হলে পানি ভালোভাবে চামড়াতে চাপড়ে মারতে হবে।
.
(৪) মাথা মাসেহ করার জন্য নতুন পানি ব্যবহার করতে হবে:
.
আবদুল্লাহ বিন যায়েদ (রা.) বলেন, তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযুর সময় হাতে লেগে থাকা পানি পরিবর্তন করে (নতুন করে হাত ভিজিয়ে) মাথা মাসেহ করতে দেখেছেন। [সহিহ মুসলিম]
.
[তথ্যসূত্র: ফিকহুস সুনানি ওয়াল আসার, লেখক: মুফতি সাইয়েদ আমীমুল ইহসান রাহিমাহুল্লাহ; অনুবাদক: ড. খোন্দকার আব্দুল্লাহ্ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ)
মাসয়ালা ইসতিমবাত: লেখক নিজেই]
.
এছাড়াও সুন্দরভাবে কনুই ধুতে হবে, মুখ ধৌত করতে হবে এভাবে: কপালের উপর মাথার চুলের গোড়া হতে থুতনীর নীচ পর্যন্ত, এক কানের লতি হতে অপর কানের লতি পর্যন্ত।

[ সংগৃহীত ]

No comments:

Post a Comment

মহিলাদের মসজিদে গমন : একটি পর্যালোচনা

জমহুর আলিমগণ একমত যে, মহিলাদের মসজিদে সালাত আদায় করা অপেক্ষা ঘরে সালাত আদায় করা উত্তম। এ ব্যপারে বেশ কয়েকটি হাদিস বর্ণিত হয়েছে সহিহ সনদে । এ...