Tuesday, December 8, 2020

খাওয়ার ১২ সুন্নাত বা আদব


খাওয়ার ১২ সুন্নাত বা আদব:

(১) খাবার গ্রহণের শুরুতে বিসমিল্লাহ বলা।
রাসুল (সা.) খাবার গ্রহণের আগে সব সময় ‘বিসমিল্লাহ’ বলতেন। তার সঙ্গীদেরও বিসমিল্লাহ বলতে উৎসাহিত করতেন। রাসুল (সা.) বলেন, “আল্লাহর নাম নিয়ে ও ডান হাত দ্বারা খানা খাও। এবং তোমার দিক হতে খাও।”
[বুখারি, হাদিস নংঃ- ৫১৬৭, তিরমিজি, হাদিস নংঃ- ১৯১৩]

(২) বিসমিল্লাহ বলতে ভুলে গেলে বিসমিল্লাহি আওয়ালাহু ওআখিরাহ (بسم الله اوله و آخره) বলা।
আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, “যখন তোমরা খানা খেতে শুরু করো তখন আল্লাহর নাম স্মরণ করো। আর যদি আল্লাহর নাম স্মরণ করতে ভুলে যাও, তাহলে বলো, ‘বিসমিল্লাহি আওয়ালাহু ওআখিরাহ।” 

[আবু দাউদ, হাদিস নংঃ- ৩৭৬৭; তিরমিজি, হাদিস নংঃ- ১৮৫৮]

(৩) হাত ধুয়ে শুরু ও শেষ করা।
রাসুল (সা.) খাওয়ার আগে হাত ধোয়ার আদেশ দিয়েছেন। আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) পানাহারের আগে উভয় হাত কব্জি পর্যন্ত ধুয়ে নিতেন। [মুসনাদে আহমাদ]
অন্য হাদিসে বর্ণিত হয়েছে, রাসুল (সা.) খাওয়ার পর কুলি করতেন এবং হাত ধৌত করতেন। [মুসনাদে আহমাদ ও ইবনে মাজাহ]

(৪) দস্তরখান বিছিয়ে খাওয়া।
আনাস (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) পায়াবিশিষ্ট বড় পাত্রে খাবার খেতেন না। কাতাদা (রা.) কে জিজ্ঞেস করা হলো, তাহলে কীসের ওপর খানা খেতেন? তিনি বললেন, ‘চামড়ার দস্তরখানের ওপর।’ 
[বুখারি, হাদিস নংঃ- ৫৩৮৬]

(৫) ডান হাত দিয়ে খাওয়া।
রাসুল (সা.) আজীবন ডান হাত দিয়ে খাবার খেতেন। বাম হাত দিয়ে খাবার খেতে নিষেধ করেছেন তিনি। আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, “তোমরা বাম হাত দ্বারা খাবার খেয়ো না ও পান করো না। কেননা শয়তান বাম হাতে খায় ও পান করে।” 

[বুখারি, হাদিস নংঃ- ৫৩৭৬; মুসলিম, হাদিস নংঃ- ২০২২]

(৬) হাত চেটে খাওয়া।
রাসুল (সা.) খাওয়ার সময় সর্বদা হাত চেটে খেতেন। না চাটা পর্যন্ত কখনো হাত মুছতেন না। ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, “তোমরা যখন খাবার গ্রহণ করবে, তখন হাত চাটা নাগাদ তোমরা হাতকে মুছবে (ধোয়া) না।” [বুখারি, হাদিস নংঃ- ৫২৪৫]

(৭) আঙুল চেটে খাওয়া।
রাসুল (সা.) বলেন, “তোমরা যখন খাবার গ্রহণ করো তখন আঙুল চেটে খাও। কেননা বরকত কোথায় রয়েছে তা তোমরা জানো না।” 
[ইবনে মাজাহ, হাদিস নংঃ- ১৯১৪]

(৮) পড়ে যাওয়া খাবার তুলে খাওয়া। রাসুল (সা.) এর খাবারকালে যদি কোনো খাবার পড়ে যেত, তাহলে তিনি তুলে খেতেন। জাবের (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, “তোমাদের খাবার আহারকালে যদি লুকমা পড়ে যায়, তাহলে ময়লা ফেলে তা ভক্ষণ করো। শয়তানের জন্য ফেলে রেখো না।” 

[তিরমিজি, হাদিস নংঃ- ১৯১৫; ইবনে মাজাহ, হাদিস নংঃ- ৩৪০৩]

(৯) হেলান দিয়ে না খাওয়া। আবু হুজাইফা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুল (সা.)-এর দরবারে ছিলাম। তিনি এক ব্যক্তিকে বলেন, আমি টেক লাগানো অবস্থায় কোনো কিছু ভক্ষণ করি না। 
[বুখারি, হাদিস নংঃ- ৫১৯০, তিরমিজি, হাদিস নংঃ- ১৯৮৬]

(১০) খাবারের দোষ-ত্রুটি না ধরা। আবু হুরায়রা (রা.) বলেন, রাসুল (সা.) কখনো খাবারের দোষ-ত্রুটি ধরতেন না। তার পছন্দ হলে খেতেন, আর অপছন্দ হলে খেতেন না। 

[বুখারি, হাদিস নংঃ- ৫১৯৮; ইবনে মাজাহ, হাদিস নংঃ- ৩৩৮২]

(১১) খাবারে ফুঁ না দেওয়া। রাসুল (সা.) খাবারে ফুঁ দিতে নিষেধ করেছেন। ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) কখনো খাবারে ফুঁ দিতেন না। কোনো কিছু পান করার সময়ও তিনি ফুঁ দিতেন না। 
[ইবনে মাজাহ, হাদিস নং : ৩৪১৩]

(১২) খাবারের শেষে দোয়া পড়া। 

খাবার শেষে রাসুল (সা.) আল্লাহর দরবারে শুকরিয়া জানাতেন ও দোয়া পড়তেন। 
আবু উমামা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) খাবার শেষ করে বলতেন, 

الحمد لله كثيراً طيباً مباركاً فيه غير مكفي ولا مودع ولا مستغنى عن ربنا
(উচ্চারণ : আলহামদুলিল্লাহি হামদান কাসিরান ত্বয়্যিবান মুবারাকান ফিহি, গায়রা মাকফিইন, ওলা মুয়াদ্দায়িন ওলা মুসতাগনা আনহু রাব্বানা।’)

তিনি কখনো এই দোয়া পড়তেন:
الحمد لله الذي أطعمنا و سقانا و جعلنا مسلمين .
(উচ্চারণ : আলহামদুলিল্লাহিল্লাজি আতআমানা ওয়াছাকানা ওয়াজাআলানা মিনাল মুসলিমিন।’)

[বুখারি, হাদিস নংঃ- ৫৪৫৮]

আল্লাহ আমাদের তাওফিক দান করুন।

No comments:

Post a Comment

মহিলাদের মসজিদে গমন : একটি পর্যালোচনা

জমহুর আলিমগণ একমত যে, মহিলাদের মসজিদে সালাত আদায় করা অপেক্ষা ঘরে সালাত আদায় করা উত্তম। এ ব্যপারে বেশ কয়েকটি হাদিস বর্ণিত হয়েছে সহিহ সনদে । এ...